টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ফাইল ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ২২:৪৫ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ২৩:০৪
প্রধান আসামি তরিকুলসহ ২ জন গ্রেপ্তারের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কর্মবিরতি স্থগিত করেছেন।
সোমবার সন্ধ্যায় তারা কর্মবিরতি স্থগিত করেন।
জানা যায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে এক রোগী করোনার উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভর্তির প্রক্রিয়া শুরু করা হলে তিনি সেখানে মারা যান। চিকিৎসায় অবহেলা করা হয়েছে এমন দাবি করে দায়িত্বরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাজী তরিকুলসহ রোগীর ৪/৫ জন স্বজন। এ ঘটনায় শনিবারই টুঙ্গিপাড়া থানায় মামলা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন। প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকরা রোববার থেকে কর্মবিরতি পালন শুরু করেন।
সোমবার বিকেলে এ ঘটনার প্রধান অভিযুক্ত তরিকুলকে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট থেকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা পুলিশ। এর আগে শনিবার রাতে পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামি রিয়াজুল কাজীকে (২২) গ্রেপ্তার করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন বলেন, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা শুধু আউটডোরের চিকিৎসা বন্ধ রেখেছিলাম। অন্যসব সেবা চালু ছিল। পুলিশ প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তারের করার পর আমরা আউটডোরের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। দু’ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের বর্হিবিভাগে চিকিৎসা সেবা শুরু করা হয়েছে।