বগুড়ায় ৩৩১টি নমুনা পরীক্ষায় ৭১ জন করোনায় আক্রান্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:০১
বগুড়ায় ৩৩১ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বগুড়ার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সকাল ১১টার ওই ব্রিফিংয়ে অংশ নেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি ৬ জুলাই সোমবারের নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।
ওই ব্রিফিংয়ে জানানো হয়, ৬ জুলাই করা নমুনা পরীক্ষার অনুপাতে ২১ দশমিক ৪৫ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিন ৫ জুলাই এ হার ছিল ১৭ দশমিক ৮০ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৬ জুলাই পর্যন্ত মোট ১ হাজার ১৭৮ জন করোনাকে জয় করেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে।
বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে সোমবার মোট ৩৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৩৫টি পজিটিভ এবং টিএমসির পিসিআর ল্যাবে ১৪৩টি নমুনায় পজিটিভ আসে আরও ৩৬ জনের। আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ, ২১ জন নারী ও ২ শিশু রয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।
- বিষয় :
- বগুড়া
- করোনার প্রাদুর্ভাব
- আক্রান্ত