রংপুরে বজ্রপাতে নিহত ৩
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৭:০৫
রংপুরে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের এ দুর্ঘটনায় নিহতরা হলেন- নগরীর দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির প্রয়াত কছি উদ্দিনের ছেলে হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের প্রয়াত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫) ও বদরগঞ্জ নাগেরহাটের মোশাররফ হোসেন (৩৮)।
এদের মধ্যে মোবারক আলী সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য, এনামুল ও মোশাররফ কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে যান। দুপুরে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বদরগঞ্জ নাগেরহাটের মোশাররফ মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। তার পাশে কাজ করার আরেক কৃষক হাফিজুর রহমান (৪০) আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এদিকে দুপুরে বজ্রপাতে হাজী মোবারক আলীর মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।