আদিতমারীতে সড়কে প্রাণ গেল ঢামেক চিকিৎসকের
এএফএম গোলাম আম্বিয়া আদিল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৭:২৫ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ০৭:৩৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এএফএম গোলাম আম্বিয়া আদিল নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার বুড়ির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আদিল উপজেলার খাতাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মোটর সাইকেলে করে ডা. এএফএম গোলাম আম্বিয়া আদিল উপজেলার খাতাপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বুড়ির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন বলেন, হাসপাতালে আসার আগেই আদিলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলার স্বাস্থ্য বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন ও লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।