যমুনার পানি ফের বাড়ার শঙ্কা
সিরাজগঞ্জে ফের বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৭:৩৪ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ০৯:১৬
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার বিকেল ৬টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৭ সে.মি কমলেও দু’একদিনের মধ্যে আবারো বাড়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ পরিচালন ও রক্ষাণাবেক্ষণ (পওর) শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৭ সে.মিট কমে বিপদ সীমার ৩৪ সে.মি নিচে অবস্থান করছে। তবে পাউবোর আবহাওয়া ফোরকাস্ট অনুয়ায়ী আগামী দু’একদিনের মধ্যে বাড়ার আশঙ্কা রয়েছে। কোরবানির ঈদের আগে বড় ধরনের বন্যার আশঙ্কাও রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বৃহস্পতিবার সন্ধায় জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলার জন্য ৪’শ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ এসেছে। জেলার কাজিপুর, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলায় এরই মধ্যে একশ ৪২ মেট্রিক টন চাল ও ২ লাখ ৪৪ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে।