ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় এবি পার্টির সভা পণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় এবি পার্টির সভা পণ্ড
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৯:৫৭

পুলিশি বাধার কারণে সদ্য আত্মপ্রকাশকৃত রাজনৈতিক দল আমার বাংলাদেশ (এবি) পার্টির আলোচনা ও মতবিনিময় সভা ব্রাহ্মণবাড়িয়ায়  হতে পারেনি। শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এবি পার্টির উদ্যোগে শহরের ক্বারী চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে যোগ দিতে সকালেই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন এবি পার্টির আহবায়ক (সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান) এ এফ এম সোলাইমান চৌধুরী এবং সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

কিন্তু নির্ধারিত স্থানে সভা করতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি না মেলায় স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে জড়ো হন দলের নেতাকর্মীরা। কিন্তু সেখানেও সভা-সমাবেশ করতে বাধা দেয় পুলিশ। পরে শহরের একটি রেস্টুরেন্টে উপস্থিত হয়ে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে কথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এসময় এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এবি পার্টির পথচলা। দলের বর্তমান কর্মসূচি হচ্ছে করোনা মহামারি থেকে মানুষকে সচেতন করা এবং সহযোগিতা করা। এরই অংশ হিসেবে দলের আহবায়ক ও সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া সফর করেছেন উল্লেখ করে মুজিবুর রহমান মঞ্জু জানান, করোনা পরিস্থিতিতে এবং মানুষকে কিভাবে সচেতন ও সাহায্য করা যায় এনিয়ে আজ জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি। তিনি পুলিশি বাধার তীব্র নিন্দা জানান। 

এবি পার্টির আহবায়ক এ এফ এম সোলেমান চৌধুরী বলেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি কাজ করবে। তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব মো. নাজমুল হুদা অপু ও  ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক ইব্রাহিম খান সাদাত।

আরও পড়ুন

×