সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্যাঙ্ক লরি শ্রমিক নেতা নিহত
ইকবাল হোসেন রিপন -ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ১৩:২৮
সিলেট জেলা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদারও গুরুতর আহত হন। এই হামলার প্রতিবাদে শ্রমিকরা বাবনার পয়েন্টে তাৎক্ষণিক বিক্ষোভ করছেন।
শুক্রবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে তারা হামলার শিকার হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ইকবাল হোসেন রিপন যান।
নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজার খলা গ্রামের আবুল হোসেনের ছেলে। অন্যদিকে আহত বাবলা আহমদ তালুকদার একই গ্রামের মৃত মোক্তার আহমদ তালুকদারের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ইকবাল হোসেন রিপনের দুই হাতই বেশি আঘাতপ্রাপ্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রিপন মারা যান বলে ধারণা করছেন তারা।
বাবনা পয়েন্টে নিয়মিত অবস্থান করেন ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতারা। শুক্রবারও তারা সিতারা হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক দুর্বৃত্তরা তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায়।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- বিষয় :
- সিলেট
- শ্রমিক নেতা নিহত
- ছুরিকাঘাত