সোনাগাজীতে শ্বাসকষ্টে মারা যাওয়া সমবায় কর্মকর্তা করোনা আক্রান্ত ছিলেন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০০:৫৫
ফেনীর সোনাগাজীতে জ্বর, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া সমবায় কর্মকর্তা মো. আজিজুল হকের (৪৭) মৃত্যুর ২দিন পর তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
গত বুধবার সকালে ঢাকার বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজিজুল হক কুমিল্লা আদর্শ সদর দক্ষিণ উপজেলার সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজিজুল হকের ভাতিজা মো. রাকিব জানান, তার চাচা সমবায় কর্মকর্তা মো. আজিজুল হক গত দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। পরে জ্বর বেড়ে যাওয়ায় তিনি গত সোমবার ছুটি নিয়ে ঢাকায় বাসায় গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বুধবার সকালে হঠাৎ করে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে তিনি হৃদরোগে (স্ট্রোকে) আক্রান্ত হয়ে মারা যান। পরে বিকেলে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তার শরীরের করোনার উপসর্গ থাকায় বিশেষ ব্যবস্থাপনায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করেছেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোকজন এসে মরদেহ থেকে করোনার নমুনা সংগ্রহ করেন।
পৌরসভার স্থানীয় কাউন্সিলর নুর নবী বলেন, করোনার উপসর্গ নিয়ে তার এলাকার বাসিন্দা আজিজুল হক নামে একজন সরকারি কর্মকর্তা ঢাকায় মারা গেছেন। মৃত্যুর পর স্বজনরা তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে প্রশাসনের নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় তার লাশ দাফন সম্পন্ন করেছেন। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুনেছেন তিনি করোনায় সংক্রমিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাশ বলেন, মৃত্যুর পর ওই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রন্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।