কসবায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০২:৩১ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০৪:১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু'জন হলেন- গোপীনাথপুর গ্রামের মজনু মিয়া (৪০) ও মিজান মিয়া (৩০)। বুধবার সকালে তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর ইউনিয়নে ওই গৃহবধূর (২০) বাবার বাড়ি। তার স্বামী প্রবাসে থাকেন। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ায় পরিবারের অন্য সদস্যদের থেকে তিনি আলাদা একটি ঘরে থাকছিলেন। গত ৯ জুলাই গভীর রাতে মজনু মিয়া ও মিজান মিয়া নামের স্থানীয় দুই বখাটে তার ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের মুখে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় ওই গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরদিন শুক্রবার ওই নারী বাদী হয়ে মজনু মিয়া ও মিজান মিয়াকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মঙ্গলবার রাতে পুলিশ ওই মামলাটি থানায় রেকর্ড করে এবং রাতেই গোপীনাথপুর এলাকার একটি গোপন আস্তানা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা বখাটে ও উশৃঙ্খল প্রকৃতির লোক। ধর্ষণচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।