ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজনীতি নিষিদ্ধ চুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধ চুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ
×

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সমকাল

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | ১৮:২০

রাজনীতি নিষিদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রদলের কমিটি দেওয়ার ঘোষণায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের ফেসবুক পেজে চুয়েট শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর ওই পোস্টটি সরিয়ে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে রাত ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ  করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলো প্রদক্ষিণ করে তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই চুয়েটে হবে না, চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাঁটি, রেড কার্ড, রেড কার্ড- ছাত্রদল রেড কার্ড, রেড কার্ড, রেড কার্ড, ইউনিয়ন রেড কার্ড, রেড কার্ড, রেড কার্ড, শিবির রেড কার্ড’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। সব দলের প্রতিই তাদের সম্মান রয়েছে। কিন্তু চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এই চুয়েটে কুয়েটের মতো পরিস্থিতি হক, এটি তারা চাই না। এ অবস্থায় ক্যাম্পাসে কোনোভাবেই ছাত্রদলের কমিটি মেনে নেওয়া হবে না। শুধু ছাত্র দল নয়, ছাত্রশিবির কিংবা ছাত্র ইউনিয়নের কমিটিও মেনে নেওয়া হবে না। 

তারা আরও জানান, জুলাই বিপ্লবে আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতাকে এত সহজে হারাতে দেওয়া যাবে না। ছাত্র রাজনীতির ভয়াবহ রূপ তারা ইতোমধ্যেই দেখে ফেলেছেন। এর পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। এছাড়া কমিটিতে যাদের রাখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তারা।

‘ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি থাকবে না’ এমন দাবি ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অধিকাংশ শিক্ষার্থীর। জুলাই-আগস্টের বিপ্লবের পর এ দাবি আরও জোরালো হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ আগস্ট ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে চুয়েট প্রশাসন। 

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

কমিটি দেওয়ার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এটি খসড়া কমিটি ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। পরে আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব।

আরও পড়ুন

×