এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল
.
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ২১:৩৭
জয়পুরহাটে একজন শিক্ষার্থী চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষায় শুধু গণিত বিষয়ে অংশ নিয়েছিল। কিন্তু প্রকাশিত ফলে তাকে দুটি বিষয়ে ফেল দেখানো হয়েছে।
আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্তের সঙ্গে এমনটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার পাশাপাশি হাস্যরসের সৃষ্টি হয়েছে।
জিৎ চন্দ্র মহন্ত এবার বিদ্যালয়টির কারিগরি শাখার ফার্ম মেশিনারি ট্রেডের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ফেল করে। এ বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সে শুধু ওই বিষয়ে ফের পরীক্ষায় বসে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে দেখে, সে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত সাংবাদিকদের বলে, আমি ২০২৪ সালের পরীক্ষায় শুধু গণিতে ফেল করি। সেই অনুযায়ী এ বছর শুধু গণিত বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফলে আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে।
শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। নম্বরপত্র (মার্কশিট) দেওয়ার সময় এটি ঠিক হয়ে যাবে বলে মনে করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, আমি বিষয়টি শুনেছি। বোর্ড কর্তৃপক্ষকে এটি জানাব।
