বোয়ালখালীতে পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৯:০৯
বোয়ালখালীতে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় নিউ শেভরন নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু নইমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা করেন।
বুধবার বিকেলে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারের আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাছ থেকে নমুনা নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছিল। পরীক্ষার পূর্বেই ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তারের স্বাক্ষর রাখা হয়েছে। পরে রিপোর্ট বানিয়ে পূর্বেই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দেওয়া হতো। ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী পাওয়া যায়নি। ল্যাব পরিচালনার কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় সব কাগজই মেয়াদোত্তীর্ণ।