নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু কমান্ডার নিহত, আটক ৪
অস্ত্রসহ আটক ৪ জলদস্যু
নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০২:০৮ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৩:১০
নোয়াখালীর হাতিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু কমান্ডার নিহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে আরও ৪ জলদস্যুকে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আচকার বাজার সংলগ্ন সূর্যমূখী খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত জলদস্যু কমান্ডারের নাম বাহার (৪২)। তিনি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিচর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় র্যাবের এক কর্মকর্তাসহ দুই সদস্য আহত হয়েছেন।
আটকেরা হলেন-হাতিয়া উপজেলার বাসিন্দা মো. আলাউদ্দিন (৪৮), মো. ইউসুফ মাঝি (৪৫), মো. মুরাদ (৩০) ও শান্ত শেখ (২৫)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, হাতিয়ার সূর্যমুখী খালে জলদস্যু বাহিনী অস্ত্রসস্ত্রসহ মেঘনা নদীতে জেলে নৌকায় লুটপাটের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাত পৌনে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় র্যাব আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে। এক পর্যায়ে র্যাবের গুলির মুখে জলদস্যুরা আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়। এ সময় জলদস্যুদের ছোড়া গুলিতে বাহার মাটিতে লুটিয়ে পড়েন। পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে ৪ জলদস্যুকে আটক করে। আহত বাহারকে উদ্ধার করে হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জলদস্যুদের ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নিহত বাহারের বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনায় হাতিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। আটকদের র্যাব থানায় হস্তান্তর করেছে।