মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনা শনাক্ত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৪:৪৯
মুন্সীগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১৭ জনে। আর গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে কোন মৃত্যু নেই। জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৮। অন্যদিকে একই দিনে আরও ৪৬ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১ হাজার ২২৪ জনে পৌঁছেছে।
এদিকে মুন্সীগঞ্জে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় নিরবে-নিভৃতে করোনা সংক্রমনের বিস্তার করেছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার প্রাপ্ত ৮২টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১৭ জনে পৌঁছেছে। উপজেলা ওয়ারী অনুসারে, সদর উপজেলায় ১০৫৯ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৩৭ জন, সিরাজদীখান উপজেলায় ৩৯৯ জন, লৌহজং উপজেলায় ৩৩২ জন, শ্রীনগর উপজেলায় ২২৭ জন ও গজারিয়া উপজেলায় ২৬৩ জন। আর বৃহস্পতিবার নতুন শনাক্ত ২০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৫ জন, সিরাজদিখান উপজেলায় ১ জন ও গজারিয়া উপজেলায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।