মাটি কেটে বিক্রি পুকুরে পড়ল দুটি ঘর
আখাউড়ায় ধানি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। (ইনসেটে) ভেঙে পড়া একটি ঘর সমকাল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০১:০২
আখাউড়ায় ধানি জমি থেকে মাটি কাটায় দুটি বাড়ি ধসে খনন করা পুকুরে পড়েছে। আরেকটি বাড়িও যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তরপাড়ায় প্রায় তিন সপ্তাহ ধরে ধানি জমির মাটি কেটে বিক্রি করছেন তুলাইশিমুল এলাকার মাটি ব্যবসায়ী বিল্লাল ভূঁইয়া। চার-পাঁচ বিঘাজুড়ে মাটি কাটা হচ্ছে। সেখানে অন্তত ৬ ফুট গভীরতার বড় পুকুর তৈরি করা হয়েছে। এর পাশেই রয়েছে তিনটি বাড়ি।
ইতোমধ্যে বাচ্চু মিয়া ও বাবুল মিয়ার দুটি ঘর পুকুরে ধসে পড়েছে। তাদের পাশের আরেকটি ঘরও ঝুঁকিতে রয়েছে। তারা জানান, খনন করা পুকুরের পাড়ে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় তাদের বসতভিটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, বসতবাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে। এতে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘরের আসবাবও নষ্ট হয়েছে।
মাটি কাটার বিষয়ে বিল্লাল ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্তরা তারই জমিতে ঘর করে থাকতেন।
তিনি তাদের ক্ষতিপূরণ দেবেন বলে জানান।
তবে বাচ্চু মিয়া ও বাবুল মিয়া জানান, এ জমি
তারা বিল্লাল ভূঁইয়ার বাবার কাছ থেকে দানপত্র দলিলমূলে পেয়েছেন।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, মাটি কাটার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মাটি বিক্রি
