ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি- সমকাল প্রতিনিধি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ২০:৪০
ফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের (১০৫৫) নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে ফরিদপুর পৌর বাসস্ট্যান্ড ও সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে ফরিদপুর মোটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে দখলের অভিযোগ এনে এই প্রহসনের কমিটি বাতিলের দাবিতে "সকল শ্রমিকের ব্যানারে" মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যে নির্বাচিত সভাপতি ইয়াছিন মোল্লার (৪০) নেতৃত্বে অর্ধশত লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনার পর সাধারণ শ্রমিকরা উত্তেজিত হয়ে দুপুর ১২ টা থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
তারা লাঠি নিয়ে বাস টার্মিনালে অবস্থান নেন। পরে দুপুর ২ টার দিকে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রুপ নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে আহত হয় ১০ জন শ্রমিক। এরপর আহত শ্রমিকদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে এ ঘটনায় সকল রুটের বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শ্রমিকদের মানববন্ধনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। দ্রুতই বাস চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করতে আলোচনা চলছে।
- বিষয় :
- সংঘর্ষে আহত
