বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ
প্রতীকী ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ১৫:১৪
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ এলাকায় বাসের চাপায় মো. হাবিবুল্লাহ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
সোমবার বেলা ১২টার দিকে রহমতপুর কামিনীকুঞ্জ পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী কুয়াকাটা পরিবহন নামক বাসের চাপায় হাবিবুল্লাহ নিহত হন। তিনি মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। চালককে গুরুতর আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুদ্ধ জনতা সরে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
