ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাটমোহর

কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান জেলহাজতে

কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান জেলহাজতে
×

লোকমান হোসেন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৪:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৪:০০

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা, ভাঙচুর ও ম্যানেজারকে মারধর করে আহত করার মামলার প্রধান আসামি বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। শুক্রবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ পাবনা। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, ৩১ জুলাই দুপুরে চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় ভাঙচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে।

অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা শাখা থেকে তিন লাখ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে আদালতে ঋণখেলাপি মামলা করে। মামলা দায়েরের ঘটনায় ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে ফৈলজানা শাখায় প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজারসহ ব্যাংকের কর্মকর্তাদের মারধর করেন। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা করেন। পরে র‌্যাবের একটি দল শনিবার বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তার লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×