আন্দোলনের নামে সহিংসতা
বাকৃবির ১৫৪ জনের বিরুদ্ধে প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ২২:২৩
জুলাই-আগস্ট আন্দোলনে শান্তি মিছিলের নামে সহিংসতার অভিযোগে ১৫৪ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট 'শেখ হাসিনাতেই আস্থা' শীর্ষক শান্তি মিছিলে অংশগ্রহণ এবং গণঅভ্যুত্থান চলাকালে নিরীহ শিক্ষক-শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—৫৭ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী ও ৩১ জন শিক্ষার্থী। শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, ৮ জনকে পদোবনতি ও ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ৮ জনকে বহিষ্কার, ৮ জনকে অপসারণ, ৭ জনকে তিরস্কার ও একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কর্মচারীদের মধ্যে ২ জনকে বরখাস্ত ও ১৯ জনকে তিরস্কার করা হয়েছে। এছাড়া সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ২৪ জনের সনদপত্র বাতিল করা হয়েছে।
আরও ২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা
অন্যদিকে ২০২২ সালের ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে চার শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনায় আরও ২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ৩ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ১৫ জনের সনদপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে এক শিক্ষককে পদোবনতি, এক জনের বেতনবৃদ্ধি স্থগিত এবং এক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, তদন্ত কমিটি তথ্য-উপাত্ত যাচাই করে শাস্তির সুপারিশ করেছে। সেই সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদন পেয়েছে। তিনজন শিক্ষক এ বিষয়ে হাইকোর্টে রিট করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন।
