সাগরে গ্রেপ্তার ১৪ ভারতীয় জেলে কারাগারে
.
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ০০:৫৬
বাগেরহাটের মোংলায় গ্রেপ্তার হওয়া ১৪ ভারতীয় জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার তাদের বাগেরহাট আমলি আদালত-৬-এ পাঠানো হলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন। এর আগে শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামে ভারতীয় ফিশিং ট্রলারসহ তাদের আটক করে নৌবাহিনী।
এ ঘটনায় মামলা হলে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার জেলেরা হলেন বিশ্বনাথ দাশ, অনিবেশ দাশ, গোবিন্দ দাশ, মোহন কৃষ্ণ, আশন্ত দে, মানিক জানা, রাম দুলাল দাশ, শংকর দাশ, রাজীব দাশ, লিটন দাশ, অভিরাম দাশ, বাদল রাজপুত্র, স্বদেশ চন্দ্র দাশ ও নকুল দাশ। সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা মাছ শিকার করছিলেন।
রোববার ভোরে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে জানিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাতেই নৌবাহিনীর এক কর্মকর্তা বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা করেছেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইনে এ মামলা করা হয়। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ভারতীয় ট্রলারে থাকা প্রায় ১১শ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রোববার রাতে মোংলা ফেরিঘাট এলাকায় উন্মুক্ত নিলামে তোলা হয়। এসব বিক্রি হয়েছে ২ লাখ ১৩ হাজার টাকায়।
- বিষয় :
- ভারতীয় জেলে আটক
