ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সিলেটে করোনায় আরও দু'জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯

সিলেটে করোনায় আরও দু'জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১১:৩৬

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আরও দু'জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের চার জেলায় নতুন করে আরও ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটে ৭০, সুনামগঞ্জে ৪৪, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ২৭ জন। রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১১৮ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৫১ জন। তাদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০ জন। এছাড়া সুনামগঞ্জে এক হাজার ৩২২ জন, হবিগঞ্জে এক হাজার ৬৩ জন এবং মৌলভীবাজারে ৮৬৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট ১১৮ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ১০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৯ জন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সব মিলিয়ে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলার ৫০ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন।

এদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জের ৪০ জন ও সিলেটের ২০ জন।

আরও পড়ুন

×