চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা
সাজেক ভ্যালি ভ্রমণে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১৮:২৩
সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু যাচ্ছিলেন রাঙামাটি। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক দুর্ঘটনায় সড়কেই প্রাণ যায় দুই বন্ধুর। সৌন্দর্য উপভোগের মুহূর্ত মিনিটেই বিষাদে পরিণত হয়। আজ শুক্রবার দুই বন্ধুকে কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নের নিজ নিজ পারিবারিক করবস্থানে তাদের দাফন করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কের ওপর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়েন। তারপর ঘাতক ট্রাকচালক তাদের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। নিহত দুই তরুণ বন্ধু হলেন- মো. রাকিব ও মো. জিহাদ।
এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। চালক আমির উদ্দিন ও তার সহকারী জয়নাল আবেদীন। এদের মধ্যে আমিরের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে এবং জয়নালের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তাদের বিরুদ্ধে সড়ক আইনে লোহাগাড়া থানায় মামলা করেছে পুলিশ।
চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। যদিও এ মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। তারপরও ছয়জন মোটরসাইকেল নিয়ে রাঙামাটির সাজেক ভ্যালি ভ্রমণে যাচ্ছিলেন। ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই তরুণের লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, নিহত দুই জনসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। লোহাগাড়ায় রাকিব-জিহাদের মোটরসাইকেলের সঙ্গে কক্সবাজারমুখী মাছ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে দুজন ছিটকে রাস্তায় পড়ার পর একই ট্রাক আবার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে রাকিব ও জিহাদের চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া দিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় ধরে ফেলেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
- বিষয় :
- সাজেক
