চট্টগ্রামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৪:৫১
চট্টগ্রামের একটি বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ মামুন বাঁশখালী উপজেলার গ্লামারা গ্রামের সৈয়দ আলমের ছেলে। তিনি নগরে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশের দাবি, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে আত্মহত্যা করেছেন মামুন। তার বাবার দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে। ছেলের বিয়ের বিষয়ও তারা জানেন না। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।
মামুনের বাবা সৈয়দ আলম বলেন, পতেঙ্গা থানা থেকে ফোন করে আসতে বলে। থানায় আসার পর পুলিশ জানিয়েছে আমার ছেলে মারা গেছে। লাশ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেড় মাস আগে নাকি সুমি নামে এক মেয়েকে বিয়ে করেছে মামুন। এটা আমরা জানতাম না। বউয়ের সাথে ঝগড়া করে নাকি সে আত্মহত্যা করেছে। আমার ছেলে কেন আত্মহত্যা করবে। আর যদি বিয়েই করে ওই মেয়ে তার স্বামীর লাশের সাথে নেই কেন? পুলিশ বলেছে, দরজা ভেঙে লাশ উদ্ধার করেছে। আমি ওই বাসা দেখে এসেছি। সেখানে কয়েকটা হাড়ি-পাতিল ছাড়া কিছু নেই। দরজা-জানালা সব ঠিক আছে। ওই মেয়ের পরিবারের লোকজন মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।
পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ। ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর জানা যাবে কি হয়েছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী একটি অপমৃত্যু মামলা করেছেন।
- বিষয় :
- ঝুলন্ত লাশ উদ্ধার
- চট্টগ্রাম
- পতেঙ্গা