শিক্ষার্থী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২১:২২
ময়মনসিংহের শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো– নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ আহম্মেদ ইনসান, মো. খোরশেদ, তুষার, সবুজ মিয়া ও প্যারিজ ডায়মন্ড। তাদের মধ্যে খোরশেদ পলাতক।
আদালতের পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে নগরীর পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহিম খলিলকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে তিনি মারা গেলে তাঁর ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাত বছর পর আদালত এ রায় ঘোষণা করলেন। অপর দুই আসামি সাদ্দাম ও পাভেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. রেজাউল করিম দুলাল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. আকরাম হোসেন।
