ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এমসি কলেজ মাঠে পশুর হাট: অনাপত্তি প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ

এমসি কলেজ মাঠে পশুর হাট: অনাপত্তি প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ১২:২২ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ১২:২৭

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘অসম্মতি’ ও ‘তীব্র অনিচ্ছায়’ সিলেটে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) খেলার মাঠে পশুর হাট বসানোর ব্যাপারে পূর্বের ‘অনাপত্তি’ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ লিখিতভাবে তা সিলেট সিটি করপোরশনের (সিসিক) মেয়রকে অবহিত করেছেন। এই চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রদান করা হয়েছে।

মেয়রকে লেখা পত্রে কলেজের অধ্যক্ষ উল্লেখ করেন, এমসি কলেজের একাডেমিক কাউন্সিল শর্তসাপেক্ষে খেলার মাঠ পশুর হাট হিসেবে ব্যবহারের সম্মতি প্রদান করেছিল। এ ব্যাপারে পরবর্তী আদেশ প্রাপ্তির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করা হলে তারা ‘অসম্মতি ও তীব্র অনিচ্ছা’ প্রকাশ করেন। কলেজ ছাত্রাবাসের কক্ষসমূহ আবাসিক হওয়ায় পশুর হাটটি মাঠে স্থাপন করায় ছাত্রাবাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন মহলে সার্বিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠার আশঙ্কায় প্রাক অনাপত্তি প্রত্যাহার করে মাঠে পশুর হাট না বসানোর অনুরোধ করেন অধ্যক্ষ।

এই চিঠিতে বলা হয়, মাঠটি ছাত্রাবাসের সামনে হওয়ায় নতুন মাত্রায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, যা কোনভাবে কাম্য নয়। এছাড়া সিলেটের শিক্ষানুরাগী ব্যক্তি, রাজনৈতিক সচেতন সাংস্কৃতিক কর্মী, মুরারিচাঁদ কলেজের দেশে-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা এ মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের ডাক দিয়েছেন, যা মুরারিচাঁদ কলেজের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সার্বিক পরিস্থিতি সংঘাতময় করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে প্রাক-অনাপত্তি প্রত্যাহার করে কলেজ মাঠে পশুর হাট না বসাতে অনুরোধ করেন অধ্যক্ষ।

একইদিন এমসি কলেজের খেলার মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোরবানির পশুর হাট সরানোর দাবিতে কলেজ সংলগ্ন নগরীর টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে রাস্তার দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হলে শাহপরাণ থানা পুলিশের আশ্বাসে ঘন্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করা হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে কলেজ মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর ঘোষনা না দিলে বুধবার দুপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরনের কথা বলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) অস্থায়ীভাবে তিনটি মাঠে পশুর হাট বসানোর জন্য দরপত্র হবান করে। নগরীর চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থী ও এলাকাবাসী। এছাড়া কয়েকটি ইসলামি দলের প্রতিবাদের মুখে মাদ্রাসা মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসে সিসিক। এমসি কলেজ মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদ জানিয়েছে আসছেন শিক্ষার্থী, এলাকাবাসী ও ক্রীড়া সংগঠকরা। প্রথম থেকে প্রতিবাদ হলেও সিসিক পশুর হাট বসাতে অনড় অবস্থানে রয়েছে।

এমসি কলেজ মাঠে পশুর হাট বসানো ঠেকাতে ইতিপূর্বে সাধারণ শিক্ষার্থীরা মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে। এছাড়া কলেজের সামনে ও মাঠের প্রধান ফটকের সামনে পৃথক মানববন্ধন করেছেন তারা। এভাবে পশুর হাট বসালে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাবে উল্লেখ করে এলাকাবাসী জেলা প্রশাসক, সিসিক মেয়র ও এমসি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপিও দিয়েছেন। এসবে কাজ না হওয়ায় মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন, এমসি কলেজের মাঠ নিয়ে দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এবারে পশুর হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার টিলাগড় এলাকায় সড়ক অবরোধের খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

আরও পড়ুন

×