ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবির দুই অনুষদে তালা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবির দুই অনুষদে তালা
×

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ০০:৫৩

কম্বাইন্ড (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন তীব্র হচ্ছে। প্রায় এক মাস ধরে চলে আসছে এই আন্দোলন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ভেটেরিনারি ও পশু পালন অনুষদের শিক্ষার্থীরা।
এ সময় ভেটেরিনারি অনুষদের ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পশুপালন অনুষদে এক মাস ধরে তালা দিয়েছে রেখেছেন তারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি হলো বুধবার জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকের তারিখ ঘোষণা করা। যদি এই বৈঠক না হয়, তাহলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।  
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘এই আন্দোলন গত ৩০ দিনের নয়, বরং কয়েক বছর ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি। এখন দুই অনুষদের শিক্ষার্থীরাই একসঙ্গে মাঠে নেমেছেন। যতদিন না একাডেমিক কাউন্সিল বৈঠক হচ্ছে, ততদিন ভেটেরিনারি অনুষদ বন্ধ থাকবে।’ পশু পালন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহর অভিযোগ, শিক্ষকরা তাদের ফ্যাসিস্ট বা বিপথগামী বলছেন, অথচ তারা সাধারণ শিক্ষার্থী। পেশাগত বৈষম্য দূর করতে হলে কম্বাইন্ড ডিগ্রি দিতেই হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট গঠিত সুপারিশ কমিটি শিক্ষকদের সঙ্গে আলোচনার পর অনলাইনে ভোটগ্রহণের ব্যবস্থা করে। এতে দেখা যায়, পশু পালন অনুষদের ৯০ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুন

×