টেকনাফে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত’ নিহত
বন্দুকযুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবি: র্যাবের সৌজন্যে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০০:৩৯
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত’ নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রিজের কিয়ারি ঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রশিদ উল্লাহ (২৮)। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মো. শফিক উল্লাহর ছেলে।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, ‘বুধবার ভোর রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রিজ কিয়ারি ঘাট এলাকায় ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে- এমন সংবাদে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায় পরিস্থিতি শান্ত হলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক জনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫৪ জন নিহত হয়েছেন। তার মধ্যে ২৬ জন সক্রিয় ডাকাত ছিল। বাকিরা মাদক ব্যবসায়ী।