ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ফরিদপুর

যুবলীগ নেতার নেতৃত্বে ৬ বসতঘর ভাঙচুরের অভিযোগ, নারীসহ আহত ৮

যুবলীগ নেতার নেতৃত্বে ৬ বসতঘর ভাঙচুরের অভিযোগ, নারীসহ আহত ৮
×

ছয়টি বসতঘরে ভাঙচুর করা হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১২:৩৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছয়টি বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম ওরফে সরফেজ।

বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, যুবলীগ নেতা শরিফুল ইসলাম সরফেজ ও স্থানীয় বোরহান মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই যুবলীগ নেতার নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের প্রতিপক্ষ বোরহান মিয়া গ্রুপের আলমগীর মিয়া, আইয়ুব মিয়া, ব্রাহ্মণ জাটিগ্রামের মান্নু খান্দার, ইলিয়াস মিয়া, ওহিদুর মিয়া ও আওলাদ মিয়ার বাড়িতে হামলা চালায়।

এ সময় ঘরবাড়ি আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে বাঁধা দেওয়ায় তাদের পরিবারের সদস্যদের মারধর করে। আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহতদের মধ্যে আলমগীর মিয়া (৫৫) ও তার ছেলে মো. হামিম মিয়ার (২৭) অবস্থা আশংকাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা শরিফুল ইসলামের (সরফেজ) মোবাইলে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শুক্রবার সকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×