ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চাটমোহরে ২ জনের মাথার চুল কেটে দিল গ্রামবাসী, গ্রেপ্তার ৯

চাটমোহরে ২ জনের মাথার চুল কেটে দিল গ্রামবাসী, গ্রেপ্তার ৯
×

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৯:৪০

পাবনার চাটমোহরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে গ্রামবাসী। উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ী গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।  

পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় গ্রামের ৯ জনকে আটক করে। এরপর বুধবার ওই নারী ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। 

আটক ৯ জন হলেন- কুকড়াগাড়ী গ্রামের রেজাউল করিম মঞ্জু (৪০), মোতালেব হোসেন (৪০), আলিফ হোসেন (৩২), জমিন উদ্দিন (৩২), মুক্তার হোসেন (৩৪), আলম হোসেন (৪০), কালু প্রাং (৩০), আয়নাল হোসেন (৪০) ও মামুন হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে কুকড়াগাড়ী গ্রামের এক নারী ও স্থানীয় এক পুরুষ সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে অভিযোগে গ্রামের কয়েকজন তাদের মারধরে করে চুল কেটে দেয়। খবর পেয়ে পুলিশ ওই দু'জন ও গ্রামের ৯ জনকে থানায় নিয়ে আসে। পরে তাদের আটক দেখানো হয়। বুধবার ওই নারী বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারীর কাছে এক ব্যক্তি ১ হাজার টাকা পেতেন। মঙ্গলবার রাতে ওই ব্যক্তি তার বাড়িতে টাকা আনতে গেলে গ্রামের কতিপয় ব্যক্তি তাদের আটক করে মারধরে করে। এক পর্যায়ে চুল কেটে দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×