ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুই বান্ধবীর একসঙ্গে বিষপান, একজনের মৃত্যু

দুই বান্ধবীর একসঙ্গে বিষপান, একজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ০২:২৪

রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় একসঙ্গে কীটনাশক পান করেন দুই বান্ধবী। এতে একজন মারা যান। অন্যজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত তরুণীর নাম রিনা চাকমা (২০)। কী কারণে দুই বান্ধবী এমনটি করলেন তা জানা যায়নি। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, চম্পকনগরে একটি বাসার এক কক্ষে ভাড়া থাকতেন বরকল উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার মেয়ে রিনা চাকমা। গত শুক্রবার সকালের দিকে শহরের চক্রপাড়া এলাকা থেকে তাঁর বান্ধবী বৈশাখী চাকমা (২০) সেই বাসায় যান। রাত সাড়ে ১১টার দিকে তারা দুজনে একসঙ্গে কীটনাশক পান করেন। তাদের পাশের কক্ষে থাকা অন্যদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান বাড়ির মালিক। পরে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রিনার অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে চট্টগ্রামে পাঠানোর সময় পথেই মারা যান তিনি।
 
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর চৌধুরী বলেন, বৈশাখী চাকমার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী চাকমার খালা নীহারিকা চাকমা বলেন, শুক্রবার সকালের দিকে বৈশাখী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর শুনি সে বিষ খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। 

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেন।

আরও পড়ুন

×