গোপালগঞ্জে করোনায় আ'লীগ নেতার মৃত্যু
মাহামুদ আলম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৮:২১
গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদ আলমের (৫০) মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হলো। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহামুদ আলম বুধবার মারা যান।
আওয়ামী লীগ নেতার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামে। তিনি বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।
তিনি জানান, মাহামুদ আলমের শরীরে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তিনি ও তার স্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন বনানী গত ১৬ জুলাই নমুনা দেন । পরদিন ১৭ জুলাই তাদের দু’জনের শরীরে করোনা সনাক্ত হয়। পরে তারা দুজন শহরের ফকিরকান্দির এলাকায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তাদের অবস্থার অবনতি হলে প্রথমে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২১ জুলাই তাকে ও তার স্ত্রীকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মাহামুদ আলম মারা যান।
মাহামুদ আলমের মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। এরমধ্যে সদর উপজেলায় ৮ জন, কাশিয়ানীতে ৬ জন, মুকসুদপুরে ৫ জন, টুঙ্গিপাড়ায় ৪ জন ও কোটালীপাড়ায় একজন রয়েছেন। এছাড়া একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।