চকরিয়ায় কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৬
ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও লেগুনা
কক্সবাজার অফিস ও চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৮:৩৯ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ১৫:৫৮
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজাদের ছেলে আল আমিন (৪৮), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩) ও চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।
এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানান, বিকেলে চকরিয়ার হারবাংয়ে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর ছয়জনের মৃত্যু হয়েছে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের সঙ্গে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দিয়েছে।
আনিসুর রহমান জানান, নিহত ছয়জনের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- চকরিয়া
- নিহত