ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাই

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাই
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১০:৫৫ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ১১:১২

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ডিবি পুলিশ পরিচয়ে তৈয়ব হোসেন নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। 

বুধবার ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তৈয়ব কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার জাহের আহমেদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভাটপাড়া রাস্তার মাথায় তৈয়ব ভ্যারাইটিজ স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। 

তৈয়ব জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডস্থ অগ্রণী ব্যাংক থেকে ৫ লাখ ৯ হাজার ৮৫০ টাকা উত্তোলন করেন তিনি। এরপরই সিলভার কালারের একটি মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের পোশাক পরা চারজন এসে তাকে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোতে তুলে নিয়ে যায়। এরপর হ্যান্ডকাপ খুলে গামছা দিয়ে তার হাত-পা বেঁধে  মুখে স্কচটেপ লাগিয়ে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা, পকেটে থাকা নগদ সাত হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা তাকে কুমিল্লা দাউদকান্দির গৌরিপুর এলাকার একটি ডোবায় ফেলে দেয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

ছিনতাইকারীদের বর্ণনা দিতে গিয়ে তৈয়ব বলেন, মাইক্রোবাসের বাইরে ইংরেজিতে এম.আই অক্ষর দিয়ে কিছু একটা লেখা ছিল। ছিনতাইকারীদের হাতে ওয়ারলেস ও পিস্তলও ছিল। মাইক্রোতে চালকসহ পাঁচজন ছিলো। ছিনতাইকারীরা তাকে মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে স্বীকারোক্তি দিতে চাপ দিয়েছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাকিল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকার একটি ডোবা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় তৈয়বকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে তৈয়বের পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বুধবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর ও সেকেন্ড অফিসার খাদেমুল বাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। এছাড়া ব্যাংকের সিসি ক্যামরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×