রাজৈরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১১:৪৭ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ১২:৫১
মাদারীপুরের রাজৈরে মটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় পড়ে দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার বিকালে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাশ সড়কের দুর্গাবর্দ্দী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দু'জন হলেন, মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে সাফিন শেখ (১৬) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাফায়েত হোসেন রনি (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কয়েক বন্ধু মিলে মটরসাইকেল যোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায়। এসময় একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয়। দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ফরিদপুর নেওয়ার পথে সাফিন শেখ ও পরে ফরিদপুর নেওয়ার পর রাত ৮টার দিকে সাফায়েত মারা যায়।
রাজৈর থানার ওসি শেখ সাদী মোটরসাইকেল দুর্ঘটনায় সাফিন ও সাফায়াতের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।