ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আশুলিয়ায় তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

আশুলিয়ায় তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই
×

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৮:২৫

সাভারের আশুলিয়ায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়া গরুরহাটে গরু বিক্রি করে প্রাইভেটকারযোগে বাড়ি ফেরার পথে টঙ্গাবাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকার শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন এবং একই এলাকার আবদুল লতিফ হোসেন ও তার ছেলে আবু সাঈদ। এছাড়া গাড়ির চালককেও বেধরক পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা।

আহত গরু ব্যবসায়ী হাজী আমজাদ হোসেন জানান, আশুলিয়া হাটে ৮টি গরু বিক্রির ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারে করে বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে যানজটের কারণে টঙ্গাবাড়ি শাখা সড়ক দিয়ে রওয়ানা করি। কিছুদূর যেতেই বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা দেখে গাড়ি থামিয়ে দেয় চালক। পরে রাস্তার দুই পাশ থেকে ৭/৮ জন ছিনতাইকারী এসে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ছিনতাইকারীরা প্রথমে গরু ব্যবসায়ী আবু সাঈদের বাম হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তার বাবা আব্দুল লতিফ ও আমাকেও লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করে আমাদের কাছে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটক কিংবা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি। এঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি আঞ্চলিক সড়কে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খুব শিগগির ছিনতাইকারীদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন

×