আরিচায় ট্রলারডুবি, এক ব্যবসায়ী ও ৩৬ গরু নিখোঁজ
আরিচায় ট্রলারডুবির পর উদ্ধার অভিযানে নামে ডুবুরিরা- ছবি সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১০:৫৫ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ১২:৪৮
প্রবল স্রোতে ও ঢেউয়ের আঘাতে আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে কোরবানির পশুবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালের এ ঘটনায় এক ব্যবসায়ী ও ৩৬টি গরু নিখোঁজ রয়েছে।
স্থানীদের সহায়তায় মাঝি-মাল্লা, খামারি ও রাখালরা সাঁতরে তীরে উঠতে পারলেও এক গরু ব্যবসায়ী ও ৩৬টি গরুসহ ট্রলারটি ডুবে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই ব্যবসায়ী, গরু ও ট্রলারটি উদ্ধার করা যায়নি। নিখোঁজ গরু ব্যবসায়ীর নাম রজ্জব আলী (৫৫)। তার বাড়ি সাথিয়া উপজেলার বনগ্রামে।
নৌ-পুলিশ সূত্র জানায়, পাবনার নগরবাড়ী ঘাটের এনামুল ট্রান্সপোর্টের মাধ্যমে ৪০টি গরুবোঝাই ট্রলার আরিচার সাপ্তাহিক হাটে যাচ্ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ট্রলারটি আরিচা ঘাটের কাছে পৌঁছালে প্রবল স্রোতে ও ঢেউয়ের আঘাতে মুহূর্তে যমুনা নদীতে তলিয়ে যায়।
ওই ট্রলার ডোবার সময় সাঁতরে তীরে ওঠা সাথিয়া উপজেলার মানপুর গ্রামের গরু ব্যবসায়ী রহম আলী বলেন, 'ট্রলারে ৪০টি গরু ও মাঝি-মাল্লাসহ ২৮ জন আরোহী ছিল। স্থানীয়দের সহায়তায় মাত্র ৪টি গরুসহ আমরা প্রাণে রক্ষা পেলেও রজ্জব আলী ও ৩৬টি গরুসহ ট্রলারটি স্রোতের তোড়ে ডুবে যায়।'
প্রাণে রক্ষা পাওয়া অপর ব্যবসায়ী কাশিনাথপুরের ঝড়ু শেখ বলেন, 'কোরবানীর জন্য অতি যত্নে পালন করা প্রতিটি গরু এক/দেড় লাখ টাকায় বিক্রি হত। এসব গরু মারা যাওয়ায় আমরা পথে বসব।'
আরিচা পাটুরিয়া নৌ বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবুর রহমান বলেন, 'খবর পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু হয়। স্রোতের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।'
পাটুরিয়া ঘাটে নৌ-পুলিশের ইনর্চাজ এস এম মনছুর রহমান জানান, ট্রলারে থাকা ব্যবসায়ী, মাঝি-মাল্লা, খামারি ও চারটি গরু উদ্ধার করা গেছে। এক ব্যবসায়ী ও ৩৬টি গরু নিখোঁজ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত ট্রলার, ওই ব্যবসায়ী ও গরুর সন্ধান মেলেনি।
- বিষয় :
- ট্রলার ডুবি
- ব্যবসায়ী নিখোঁজ
- আরিচা
- ঢাকা
- মানিকগঞ্জ