ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শ ফুট নিচে পড়ল চান্দের গাড়ি, খুবি ছাত্রী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শ ফুট নিচে পড়ল চান্দের গাড়ি, খুবি ছাত্রী নিহত
×

প্রতীকী ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৩৭

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি দেড়শ ফুট নিচে পড়ে গেছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ শিক্ষার্থী। আজ বুধবার দুপুরের দিকে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রের পাহাড়ে উঠার সময় হাউজপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম রুবেনা আক্তার পিংকি। তিনি খুবির পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ৪-৫ শিক্ষার্থী গুরুতর আহত বলে জানা গেছে।   

পুলিশ ও স্থানীয়রা জানান, খাগড়াছড়ি জেলা শহর থেকে আজ বুধবার সকাল সাড়ের ১০টার দিকে পর্যটকবাহী একটি চান্দের (জীপ) গাড়ি ১০-১৩ জনকে নিয়ে সাজেক পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা হয়। দুপুর দেড়টার দিকে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের পাহাড়ে উঠার সময় হাউজপাড়া নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। এতে গাড়িটি পাহাড়ের প্রায় দেড়শত ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেনা আক্তার পিংকি। আহত হয়েছেন অন্ততপক্ষে ১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪-৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে দীঘিনালা ও খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়।

সাজেক থানার ওসি কানন সরকার জানান, সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে তার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন

×