বন্ধে শিক্ষার্থীদের জড়ো করে বিদ্যালয় ভবনের উদ্বোধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১০:০৭
করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। বন্ধের মধ্যে শিক্ষার্থীদের জড়ো করে একটি বিদ্যালয় ভবনের উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। যেখানে স্থানীয় আরও দুইশ’ লোক উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে নগরের পাথরঘাটায় রবীন্দ্র-নজরুল চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পাঁচতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ জনসমাগমের ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালীর নির্দেশে শিক্ষার্থীদের জড়ো করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, করোনা মহামারির দিনে বিদ্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় একশ’ শিক্ষার্থীকে স্কুলে ডেকে আনা হয়েছে। তারা বিদ্যালয়ের পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় অন্তত আরো দুইশ’ লোক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বেলা ১২টার দিকে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, ‘অনুষ্ঠানের আয়োজন করেছে প্রকৌশল বিভাগ। এ বিষয়ে তারা ভালো বলতে পারবে।’
তবে নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক প্রকৌশলী বলেন, ‘অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকার বিষয়টি ছিল না। কাউন্সিলর নিজেই শিক্ষার্থীদের হাজির করেছেন।’
রবীন্দ্র নজরুল সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ধর বলেন, ‘স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে নির্দেশনা দেন। করোনার সময় শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠানে আসা ঠিক হবে না বলে জানিয়েছিলাম। পরে স্বাস্থ্যবিধি মেনে প্রতি ক্লাস থেকে ১০ জন করে ৫০ জনকে আসতে বলা হয়। কিন্তু অনুষ্ঠানে একশ’ ছাত্র চলে আসে। অনেকেই নিজের আগ্রহ থেকে এসেছে।’
অভিযোগ প্রসঙ্গে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালী বলেন, ‘আমি কাউকে হাজির থাকতে বলিনি। আগে জোয়ারের পানিতে বিদ্যালয়ে পানি জমে যেত বলে ছাত্ররা কষ্ট পেয়েছে। এখন নতুন ভবনের উদ্বোধনের কথা শুনে এলাকার ছাত্ররা অনুষ্ঠানে চলে এসেছে। কেউ আসলে তাকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না।’
৯ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ঠ রবীন্দ্র নজরুল চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি নির্মাণ করা হয়। ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা সংস্কৃতি প্রসারের পাশাপাশি সামাজিক অগ্রগতি এবং দুর্যোগ মোকাবিলায় যে সেবামূলক স্থাপনাগত অবকাঠামো উদ্বোধন হলো তা একটি উল্লেখযোগ্য মাইলফলক। এইসব স্থাপনার ব্যবস্থাপনায় জনবল নিয়োগ ও সেবার মান অক্ষুণ্ন রাখতে হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ভবন উদ্বোধন
- শিক্ষার্থী
- করোনাভাইরাস