ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

করতোয়া গেটলক শ্রমিকদের কর্মবিরতি, বাস চলাচল বন্ধ

করতোয়া গেটলক শ্রমিকদের কর্মবিরতি, বাস চলাচল বন্ধ
×

শেরপুরে শ্রমিকদের কর্মবিরতি চলছে। যাত্রীসেবা বন্ধ রেখে টার্মিনালে রাখা হয়েছে বাস সমকাল

 শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০৭:২১

| প্রিন্ট সংস্করণ

শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে বগুড়ার শেরপুরে কর্মবিরতি শুরু করেছেন ‘করতোয়া গেটলক’ নামে বাস পরিবহনের শ্রমিকরা। সোমবার সকাল থেকে চলা কর্মসূচির কারণে পরিবহনটির অর্ধশতাধিক বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। 

জানা যায়, গত শুক্রবার সকালে বগুড়ার চারমাথা থেকে ছেড়ে আসা দূরপাল্লার একটি বাস শেরপুরের টার্মিনালে পৌঁছে ঢাকাগামী যাত্রী তোলা শুরু করে। এ নিয়ে করতোয়া গেটলক পরিবহনের শ্রমিকদের সঙ্গে বগুড়া শ্রমিক ইউনিয়ন সদস্যদের বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বগুড়া শহরের শ্রমিকরা শেরপুরের করতোয়া গেটলক পরিবহনের তিন শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়াও শনিবার বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কয়েক সদস্য শহরের রেলস্টেশন রোড থেকে করতোয়া গেটলকের ১৫টি বাস বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কর্মবিরতি শুরু করেন শেরপুরের শ্রমিকরা।

ধুনট উপজেলার যুগিগাতী গ্রামের মেহেদী হাসান বলেন, আমি হার্টের রোগী। চিকিৎসার জন্য বগুড়া শহরে যেতে হবে। সকাল থেকে অপেক্ষা করছি; করতোয়া গেটলক পরিবহনের বাস বন্ধ থাকায় যেতে পারছি না। 

বাসস্ট্যান্ডের থাকা কয়েকজন জানান, বাস বন্ধ থাকায় বাড়তি টাকা দিয়ে অটোরিশায় যেতে হচ্ছে। 
বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের শেরপুর কার্যালয়ের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ঘটনার মীমাংসা না করায় শেরপুরের করতোয়া গেটলক পরিবহনের শ্রমিকরা সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন। তিনি জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত গড়ে ২০-২৫ হাজার যাত্রী এ পরিবহনে যাতায়াত করেন। জেলার শেরপুর ও ধুনট উপজেলা, পাশের সিরাজগঞ্জের কাজীপুর ও তাড়াশ এলাকার মানুষ বগুড়ায় যাওয়ার জন্য এ বাস ব্যবহার করেন। করতোয়া গেটলক ব্যানারে স্থানীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন ৪৫টি বাস বগুড়া শহরে যাতায়াত করে। কর্মবিরতির কারণে এসব বাসের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান, শ্রমিকরা কর্মবিরতির সিদ্ধান্ত রোববার রাতেই মালিক সমিতিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হবে। 

আরও পড়ুন

×