সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় বরখাস্ত দুই কর্মকর্তা, দুই তদন্ত কমিটি গঠন
ছবি: ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ০২:১৪
সিলেটের মোগলাবাজার এলাকায় মঙ্গলবার সকাল ৮টার উদয়ন এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুতের ঘটনায় বেশ কয়েক যাত্রী আহত হন। ঘটনার পর রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে রেল বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত কর্মকর্তারা হলেন– উদয়ন এক্সপ্রেসের লোকোমাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, রেলের কমিটিতে চার সদস্য ও জেলা প্রশাসনের কমিটিতে তিন সদস্য রাখা হয়েছে। তারা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেল দুর্ঘটনার তিন ঘণ্টার মাথায় যোগাযোগ স্বাভাবিক হয়ে এলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা যায়নি।
এদিকে ১৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইনে বারবার দুর্ঘটনার কবলে পড়ছে ট্রেন। এর মধ্যে ২০১৯ সালের ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। এতে চারজন নিহত ও আড়াই শতাধিক আহত হন। কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বড়ছড়া ব্রিজ অতিক্রম করাকালে সেতু ভেঙে ট্রেনটির চারটি বগি উল্টে যায়।
সিলেটে বারবার ট্রেন দুর্ঘটনা ঘটার পর কারণ অনুসন্ধানে বিভিন্ন সময় কাজ করেছে সংশ্লিষ্ট কমিটি। এতে পাহাড়ি ও দুর্গম এলাকা, রেললাইনে পর্যাপ্ত নাটবোল্ট, ফিশপ্লেট ও ক্লিপ না থাকা, পাথর সরিয়ে নেওয়া, লেভেল ক্রসিংয়ের ক্লিপ চুরি হয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কিন্তু দুর্ঘটনা কমাতে পারছে না রেল বিভাগ।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব জানান, ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিন যাত্রী সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে এ কমিটি প্রতিবেদন দেবে।
- বিষয় :
- সিলেট
- বগি লাইনচ্যুত
- সাময়িক বরখাস্ত
