পুলিশি হয়রানির অভিযোগে সিইপিজেডে প্যাসিফিক গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১৭:২৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ১৮:০৬
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় পুলিশি হয়রানির অভিযোগে বিক্ষোভে নেমেছেন পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের হাজারো শ্রমিক-কর্মচারী। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানা থেকে বেরিয়ে সিইপিজেডের ৫ ও ৭ নম্বর সেক্টরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে অংশ নেন ‘জিন্স ২০০০’, ‘ইউনিভার্সাল জিন্স’, ‘প্যাসিফিক জিন্স’ ও ‘এনএইচপি ফ্যাশন’-এর শ্রমিকরা। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তাদের বুঝিয়ে কাজে ফেরানো হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ১টার দিকে সেনাবাহিনীর একটি দলও সিইপিজেড এলাকায় অবস্থান নেয়।
শ্রমিকদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারিতে মজুরি বৃদ্ধি ও সাত দফা দাবিতে বিক্ষোভের পর প্যাসিফিক জিন্সের শ্রমিকদের বিরুদ্ধে শিল্পপুলিশ বাস ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মামলা করে। ওই মামলার তদন্তে বুধবার ‘জিন্স ২০০০’ কারখানার কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে তারা কাজে না গিয়ে বিক্ষোভে যোগ দেন।
শ্রমিকদের ভাষ্যমতে, ‘মালিকপক্ষের সঙ্গে সমঝোতার পরও পুলিশ হঠাৎ করে শ্রমিকদের হয়রানি করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
বেপজার (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) সিইপিজেড অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলেন, ‘বেপজার পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। শিল্প পুলিশ মামলা করেছিল। আমরা শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর ব্যবস্থা করেছি।’
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। পুলিশের বাস ভাঙচুর ও হামলার ঘটনায় একটা মামলা হয়েছিল। মামলাটির তদন্তের অংশ হিসেবে শ্রমিকদের বাড়িতে গিয়ে ঠিকানা যাচাই-বাছাই করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এটা নিয়ে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি তাদের বুঝিয়ে বলার পর তারা কাজে ফিরে গেছে।’
