ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাউজানের ব্যবসায়ী হাকিম হত্যায় হাটহাজারী থানায় স্ত্রীর মামলা

রাউজানের ব্যবসায়ী হাকিম হত্যায় হাটহাজারী থানায় স্ত্রীর মামলা
×

মো.আবদুল হাকিম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ০৫:৪৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ০৮:৪০

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাটে রাউজানের ব্যবসায়ী মো.আবদুল হাকিমকে (৫২) গুলি করে হত্যার ঘটনায় হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত আবদুল হাকিমের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

তবে পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় যে তিনজনকে আটক করেছিল তাদের এই মামলায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তারা হলেন-  মো. মহিউদ্দিন, মো. নাসিম ও আরাফাত হোসেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়া। তিনি সমকালকে বলেন, ‘রাউজানের ব্যবসায়ী আবদুল হাকিম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’

পুলিশ জানায়, আবদুল হাকিমের ব্যবহৃত গাড়িতে ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে। সামনের কাচ ও বডিতে চারটি, চালকের পাশের জানালায় ছয়টি এবং নিহত হাকিমের পাশে থাকা জানালায় ১২টি গুলির চিহ্ন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে আসা দূবৃত্তদের গুলিতে আবদুল হাকিম নিহত হন। এই ঘটনায় তার গাড়ি চালক মুহাম্মদ ইসমাইলও (৩৮) আহত হন। গাড়ি থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আবদুল হাকিমের ভাই পারভেজ আলম জানান, তার ভাই রাউজানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ভাই হামিম এগ্রো নামে একটি বিদেশি জাতের গরুর ফার্ম এবং ভেষজ ওষুধের ব্যবসাসহ অন্যান্য ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের আগে তিনি গরুর খামারে যান এবং সেখান থেকে শহরের উদ্দেশে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

আরও পড়ুন

×