পটুয়াখালী
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে র্যাবের এএসআইসহ নিহত ২, আহত ২১
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ১৫:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ২১:২৫
পটুয়াখালীর ফতুল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে র্যাবের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। নিহতরা হলেন- র্যাবের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম (৩৫) ও এক শিশু। শিশুটির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবার নিয়ে একটি মিনিবাসে কুয়াকাটা যাচ্ছিলেন র্যাবের কয়েক সদস্য। পথে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লায় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এএসআই আব্দুল হালিম মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহতদের পটুয়াখালীর সিএমএইচ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- মুখোমুখি সংঘর্ষ
- পটুয়াখালী
