ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ডিসি কার্যালয় ঘেরাও

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ডিসি কার্যালয় ঘেরাও
×

তিন দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ পোশাক শ্রমিকদের। ছবি: মেহেদী হাসান সজীব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২২:৪২

তিন দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন ফতুল্লার অ্যাস্ট্রোটেক্স গ্রুপের শ্রমিকরা। গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রুমা গার্মেন্টসের ছাঁটাই করা ২২০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের সব পাওনা পরিষদের দাবি জানান তারা। 

রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে শ্রমিকদের ১৫ সদস্যের একটি দল জেলা প্রশাসকের সঙ্গে গিয়ে কথা বলে।

শ্রমিক আসলাম ও মনু মিয়ার অভিযোগ, গত ২ আগস্ট রুমা গার্মেন্টসে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মালিকপক্ষ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করে। ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। পরে মালিকপক্ষ ২২০ শ্রমিককে কোনো প্রকার পাওনা পরিশোধ না করে ছাঁটাই করে। শ্রমিকদের দাবি, শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিককে ছাটাই করতে হলে তাঁর তিন মাসের বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করতে হবে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আইন মনেনি। চাকরি না থাকায় দুই মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এ ব্যাপারে অ্যাস্ট্রোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান মনির জানান, শ্রমিকরা কারখানার ম্যানেজার, জিএমকে মারধর করেন এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন। তাঁর ভাষ্য, কারখানাটি চার-পাঁচ বছর ধরে লোকসানে রয়েছে। শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে লোকসান দিয়ে আসছেন তিনি। কিন্তু শ্রমিকরা তুচ্ছ ঘটনায় নিজ প্রতিষ্ঠানে ভাঙচুর করে। কর্মকর্তাদের মারধর ও ক্ষতি করে। এই সহিংসতায় জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২২০ জনকে চিহ্নিত করে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

আসাদুজ্জামান মনির বলেন, শ্রম আইন মেনেই সব করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক নীলুফার ইয়াছমিন জানান, শ্রমিকসহ স্টেক হোল্ডারদের সঙ্গে বসে উভয় পক্ষের কথা শুনেছেন তারা। শ্রমিকদের কোনো আইনে টার্মিনেট করা হয়েছে, শ্রমিকরা কোনো বেনিফিট মালিক পক্ষের কাছে পবেন কিনা– এসব কাগজপত্র খতিয়ে দেখতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×