ময়মনসিংহে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন
ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১২:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১৩:০৯
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৭৫ হাজার ৮৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন। এবার গতবারের চেয়ে পাসের হার কমেছে। গত বছর যেখানে পাসের হার ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ, সেখানে এবার কমেছে ১৩ দশমিক ৪৫ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমে অর্ধেকে নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার সামান্য বেশি। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা অনেক এগিয়ে আছে।
এ বছর বোর্ডটিতে ১০৬টি কেন্দ্রে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এ বছর শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
