ইপিজেডে আগুন: বোনের খোঁজে কারখানা গেটে ভাইয়ের অপেক্ষা
নিখোঁজ সুরাইয়া বেগমের ভাই মো. রাজু। ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ২১:৪৪
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আদম ক্যাপ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের খোঁজে কারখানার সামনে জড়ো হয়েছেন স্বজনেরা। তাদেরই একজন মো. রাজু। আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে এসেছেন কারখানার গেটে—খুঁজছেন তাঁর বোন সুরাইয়া বেগমকে।
রাজু জানান, তাঁর বোন সুরাইয়া বেগম এই কারখানার ক্যান্টিনে কাজ করতেন। দুপুরে আগুন লাগার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
তিনি বলেন, ‘ফোন দিচ্ছি, কিন্তু মোবাইল বন্ধ। কোথায় আছে কিছুই জানি না।’
কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে আর আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শ্রমিকদের সবাই বেরিয়ে এসেছেন বলে দাবি ফায়ার সার্ভিসের। তবে ইপিজেড এলাকার বাইরে স্বজনদের উদ্বেগ আর অপেক্ষায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
