ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পৌর বাজারে নেই পাবলিক টয়লেট, দুর্ভোগ

পৌর বাজারে নেই পাবলিক  টয়লেট, দুর্ভোগ
×

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ০৭:২৪

| প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া পৌর বাজার, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমে। এখানে রয়েছে একটি কাঁচাবাজার, মাছ বাজার ও পানের আড়ত। এ ছাড়া পৌর শহরে রয়েছে বাসস্ট্যান্ড, সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। তবে এখানে নেই কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা।

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া পৌরসভা বর্তমানে একজন প্রশাসক ও ৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সম্প্রতি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও নাগরিক সেবার মানে কোনো উন্নতি দেখা যায়নি।

এই পৌর বাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। বাজারে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের জন্য কোনো টয়লেট নেই। এ কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের।
মাছ ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘বছরের পর বছর ধরে বাজারে ব্যবসা করছি। প্রয়োজনে মসজিদের টয়লেটে যেতে হয় আমাদের। এতে খুবই বিব্রতবোধ করি।’
কাঁচামাল ব্যবসায়ী চাঁন মিয়া ক্ষোভ প্রকাশ করেন, বাজার থেকে কোটি টাকার বেশি রাজস্ব তোলা হয়, অথচ ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য একটি টয়লেটও করা হয়নি। নির্বাচন এলেই প্রতিশ্রুতি শোনা যায়, পরে কেউ আর মনে রাখেন না।

বালিয়ান ইউনিয়ন থেকে বাজারে আসা ক্রেতা আব্দুল কাদের জানান, পৌরসভার মতো জায়গায় থেকেও টয়লেটের জন্য এমন ভোগান্তি যেন নাগরিক জীবনের লজ্জা।
মনিহারি দোকানদার আলমগীর বলেন, ‘প্রতিদিন শত শত নারী-পুরুষ দোকানে আসেন। কেউ টয়লেটে যেতে চাইলে আমরা লজ্জায় পড়ি, তাঁকে কোথায় পাঠাব বুঝে উঠতে পারি না।’
স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া পৌরসভা প্রতি বছর বাজার থেকে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করলেও মৌলিক নাগরিক সুবিধা বাড়াতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। নাগরিক সমাজের দাবি, পৌর এলাকার কাঁচাবাজার, বাসস্ট্যান্ড ও পৌর ভবন-সংলগ্ন এলাকায় দ্রুত একটি মানসম্মত সর্বজনীন শৌচাগার নির্মাণ করা হোক, যাতে সাধারণ মানুষ ন্যূনতম নাগরিক সুবিধা ভোগ করতে পারে।
পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘আমাদের পৌরসভার সামনে একটি শৌচাগার আছে।‌ পৌর বাজারে বা বাজার এলাকায়শৌচাগার নির্মাণ করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। যার পরিপ্রেক্ষিতে শৌচাগার গড়ে ওঠেনি।’
 

আরও পড়ুন

×