মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি, বেরোবিতে মশাল মিছিল
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মশাল প্রজ্জ্বলন ও মিছিল করা হয়। ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০১:০৩
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একদল শিক্ষার্থী।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা মশাল মিছিল করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মশাল প্রজ্জ্বলন ও মিছিল করা হয়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, শামসুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সাবেক সদস্যসচিব রহমত আলী বক্তব্য দেন।
তারা বলেন, ভারত গজলডোবায় বাঁধ দিয়ে নদীর আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। ভারতের তিস্তার পানির রাজনীতির কারণে দেশের উত্তরবঙ্গের পাঁচটি জেলা সরাসারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত এই নদীমাতৃক দেশকে মরুভূমিতে পরিণত করছে।
তারা আরও বলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার রংপুরের পাঁচটি জেলার লাখো মানুষ মশাল জ্বালিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে এই মানুষের ভাষা বুঝতে হবে। একই সঙ্গে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রæত শুরু করতে হবে।
