সাংবাদিকদের প্রশ্নে বাধা
মতামতবিহীন মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান
পবিপ্রবিতে মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ। ছবি- সমকাল
পবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৮:৪১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ১৮:৪৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শনে এসেছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তার আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার আয়োজিত এই সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়ের কথা থাকলেও বাস্তবে কেউই মত প্রকাশের সুযোগ পাননি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, “এরকম একপাক্ষিক মতবিনিময় সভা আমি জীবনে দেখিনি। আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা, যা আজও সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষ্ঠানের নাম ‘মতবিনিময় সভা’ না দিয়ে ‘আলোচনা সভা’ দিলেও পারত। হয়তো বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম আড়াল করতেই শিক্ষার্থীদের মত প্রকাশ করতে দেওয়া হয়নি।’’
সভাটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বিকেল ৪টার দিকে। সভার তালিকায় প্রথমেই ছাত্র-ছাত্রীদের নাম থাকলেও তাদের উপস্থিতি ছিল নগণ্য; উপস্থিতদের বেশিরভাগই ছিলেন শিক্ষক।
মতবিনিময় সভায় শুধু ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বক্তব্য দেন। এরপর শিক্ষার্থীরা কথা বলতে চাইলে তাতে আগ্রহ দেখান অধ্যাপক এস এম এ ফায়েজ। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় স্বল্পতার অজুহাত দেখিয়ে তাঁকে নিয়ে সভাস্থল ত্যাগ করে।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নানা অজুহাত দেখিয়ে তাদের বাধা দেন। এ পরিস্থিতিতে সাংবাদিকেরা অল্প কিছু প্রশ্ন করেই স্থান ত্যাগ করেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে আসেন ইউজিসি চেয়ারম্যান। তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জিমনেশিয়াম উদ্বোধন করেন। এরপর ছিল ওই মতবিনিময় সভা।
- বিষয় :
- পবিপ্রবি
