নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দ্রুতই পাঠদান শুরু: উপাচার্য
আগামী শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির আশা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী। ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৯:০৪
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের নবগঠিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়কেও পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দিয়েছে। যাচাই-বাছাই শেষে দুটি বিভাগ অনুমোদনের পরই বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী।
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউজিসির ৫৬তম সভায় বিষয়টি অনুমোদন হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচটি সম্ভাব্য বিভাগের প্রস্তাব চাওয়া হয়েছে। পরবর্তীতে কমিশনের পরিদর্শন ও যাচাই শেষে দুটি বিভাগে অনুমোদন দেওয়া হবে, যার মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত বিভাগের ল্যাবরেটরি, অবকাঠামো ও অন্যান্য সুবিধা সরেজমিনে পরিদর্শনের পর কমিশনের কমিটি মতামত প্রদান করবে। সেই মতামতের ভিত্তিতেই বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে ২৩ অক্টোবর প্রকাশিত নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে প্রস্তাবনা প্রস্তুত ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। ইউজিসির নির্দেশনা অনুযায়ী প্রস্তাবনা তৈরির কাজ শেষ করেছি। আশাকরি আগামী রোববারের মধ্যে জমা দিতে পারব। অনুমোদন প্রাপ্তির পর আগামী শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নওগাঁ জেলার মানুষ দীর্ঘদিন ধরে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছেন। কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে নওগাঁবাসীর সেই স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, ২০১১ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়টির নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ থেকে পরিবর্তন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ নামকরণ করে।
- বিষয় :
- নওগাঁ
- বিশ্ববিদ্যালয়
- ইউজিসি
